ফরিদপুরে বাঙ্গির ফলনে কৃষকের হাসি
ফরিদপুরের সদরপুর উপজেলায় এবছর বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। স্থানীয়ভাবে এটিকে লালমিও বলা হয়।
অল্প সময়ে ফলন তোলা যায় বলে এখানে কৃষকরা ব্যাপকভাবে বাঙ্গির চাষ করেছেন। ফরিদপুরে উৎপাদিত বাঙ্গি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
এখন মাঠ থেকে বাঙ্গি সংগ্রহ এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খুব ভোর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাঙ্গি তোলার কাজে ব্যস্ত রয়েছেন। কেউ কেউ ক্ষেত থেকে তোলা বাঙ্গি ভ্যান, নসিমন ইত্যাদি যানবাহনে করে বাজারে নিয়ে যাচ্ছেন।
কৃষকরা জানান, এ বছর দাম ভালো পাওয়ায় কৃষকরা খুব খুশি। হাটগুলোতে রমজানের শুরুতে মধ্যম ও বড় শ্রেণির একশ বাঙ্গির দর ছিল দুই হাজার ৫০০ টাকা। বাছাইকৃত বাঙ্গি প্রতিশত বিক্রি হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত।
কৃষক নুরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভাল পাচ্ছি। এর উপর নির্ভর করে আমাদের জীবিকা। এবার ঈদের কেনাকাটাও এই লালমি (বাঙ্গি) বিক্রির টাকায় হয়।”
সদরপুর উপজেলার কাটাখালি এলাকার বাঙ্গি চাষি আবুল হোসেন বলেন, তিন বিঘা জমিতে এবছর বাঙ্গির আবাদ করেছিলাম। ফলন ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছি।
সদরপুর উপজেলার শৈলডুবীর কৃষক চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লালমির (বাঙ্গি) বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বাঙ্গির চাহিদাও বেশ বেড়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে বাঙ্গি কিনতে ব্যবসায়ীরা আসছেন।
ভাষানচর এলাকার কৃষক মো. সোবাহান জোয়াদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ক্ষেতের লালমি (বাঙ্গি) বিক্রি করে দিয়েছি, প্রায় অর্ধলক্ষ টাকা লাভ করেছি এবছর। উপজেলার বিভিন্ন স্থানে বাঙ্গির হাট বসে সেখানে আমি বাঙ্গি বিক্রি করেছি। এছাড়া ক্ষেত থেকেও অনেক ব্যবসায়ী বাঙ্গি কিনে নিয়ে গেছেন।”
সদরপুর উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদুল মিরাজ বলেন, লালমি (বাঙ্গি) স্বল্প সময়ে একটি লাভজনক ফসল। বীজ রোপনের ৪৫ থেকে ৬০ দিনে বাজারজাত করা যায়। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লালমি যায়। এক বিঘা জমিতে খরচ ৫ থেকে ১০ হাজার টাকা আর বিক্রয় হয় ৫০ থেকে ৬০ টাকা বিক্রয় করা সম্ভব।
এ ফলের চাষ করে কৃষকেরা ভালো লাভ করেছেন বলে তিনি জানান।
“এ বছর ৬৪০ হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়েছে, যা এখন বাজারজাত হচ্ছে। প্রায় তিন কোটি টাকার আঙ্গি উৎপাদিত হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বিষমুক্ত বাঙ্গ উৎপাদনে সহযোগিতা করি।”
সরকারি পৃষ্ঠপোশকতা পেলে আগামীতে এ অঞ্চলের কৃষকেরা আরও বেশি বেশি বাঙ্গির আবাদ করবেন বলে তিনি মনে করেন।
