২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ট্রাক খালে পড়ে নিহত ৩

শরীয়তপুরে ধান বোঝাই ট্রাক খালে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আর অন্তত নয়জন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 12:42 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

সদর উপজেলার কানারবাজার-আটং সড়কের পাটনিগাও বড় সেতর কাছে শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.আশরাফ হোসেন জানান।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চেচুয়া গ্রামের রহমত গাজী (৪০), নাঈম (২০) ও একই উপজেলার চেউটিয়া গ্রামের ইদ্রিস (৪৮)।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আব্দুল হামিদ (৩০) মহসিন (৪০) ইসমাইল সরদার (৪০) ও রবিউল গাজী(১৮)।

তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক আশরাফ বলেন, সাতক্ষীরা থেকে ১২ জন শ্রমিক গত মাসে শরীয়তপুরের নড়িয়া উপজেলার আচুড়া গ্রামের বাবুল ঢালী ও কালাম ঢালির বোরো ধান কাটতে আসেন। ধানকাটা শেষে শনিবার রাতে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা।

“পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায়; এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

আহত আব্দুল হামিদ ও মহসিন বলেন, এক মাস ধানকাটা শেষে ট্রাকে ধান বোঝাই করে তারা ১২ জন বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি দুর্ঘটনায় পড়লে তারা নয়জন ট্রাক থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন। বাকিরা ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.নিয়াজ আহম্মেদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় রাত ৩টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটির নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানায়।