২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা-মীম কারখানায় শ্রমিককে মারধরে মৃত্যুর গুজব, ভাংচুর

গাজীপুরের টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি কারখানায় প্যান্ট চুরির অভিযোগে মারধরে শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ভাংচুর হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 02:21 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর তৈয়ব আলী নামে ওই শ্রমিককে কারখানায় হাজির করলে পরিস্থিতি শান্ত হয় বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেইট শহীদ সুন্দর আলী রোড এলাকায় প্রতিষ্ঠানটির নিটিং ওয়াশিং প্ল্যান্টের শ্রমিক তৈয়ব আলীকে প্যান্ট চুরির অভিযোগে নিরাপত্তাকর্মীরা মারধর করেন।

“অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়। পরে গুজব ছড়ায় তৈয়ব মারা গেছেন। শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে তারা কারখানার কাচ ও কয়েকটি গাড়িও ভাংচুর করে। এছাড়া মালপত্র তছনছ করে।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ‘কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জানিয়ে তিনি বলেন, পরে কারখানার মালিক, কর্মকর্তা, আইনশৃঙ্খলা সদস্য ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় আহত তৈয়বকে কারখনায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আর দুপুরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়। রোববার থেকে যথারীতি কাজ চলবে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর আলম বলেন, কারখানা কর্তৃপক্ষও ঘটনা তদন্তে কমিটি গঠন করবে।