২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ‘পরকীয়ার জেরে’ স্ত্রী হত্যা, স্বামী পলাতক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পরকীয়া প্রেমের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 02:00 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, চরনড়িয়া গ্রামের জসিম বেপারীর স্ত্রী মনিমালাকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন।

মনিমালার ভাই জাহাঙ্গীর আলম বলেন, জসিম নরসিংদী জেলায় এক ফার্নিচারের দোকানে দীর্ঘদিন ধরে রং মিস্ত্রির কাজ করেছেন। সেখানে এক নারীর সঙ্গে তার পরকীয়ায় প্রেমের সম্পর্ক হয়।

“জসিম বাড়িতে বেড়াতে আসার পর ওই নারী মনিমালাসহ আত্মীয়স্বজনকে ফোন দেয়। এ ঘটনার জেরে মনিমালা ও জসিমের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। জসিম মনিমালাকে মারধর শুরু করে। সে আমার বোনকে হত্যা করে পালিয়ে গেছে। আমি তার শাস্তি চাই।”

এই দম্পতির ছয় ও আট বছরের দুটি ছেলে রয়েছে বলে তিনি জানান।

ওসি আসলাম বলেন, খবর পেয়ে রাত ৩টায় গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

“তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে তার স্বামী জসিম পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।”