সরিষাবাড়িতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জমিতে বালি রাখাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জোয়াহেরুল ইসলাম জানান।
নিহত জাহিদুল ইসলাম পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি পিংনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছেলে।
আহতদের টাঙ্গাইল, ভুয়াপুর ও সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, নরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে। সেই বালি রাখতে স্থানীয় শামীম নামে এক ব্যক্তির জমি ভাড়া নিয়েছেন তিনি। শামীমের জমির পাশেই পিংনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের জমি।
ফসলি জমিতে গেলে তার প্রতিবাদ করাকে কেন্দ্র করে তোফাজ্জলের নেতৃত্বে তার লোকজন দা, লাঠি, ফালা নিয়ে নিয়ে নুরুল ইসলামের পরিবারের হামলা চালায়। এতে নুরুল, ছেলে জাহিদুল, স্ত্রী জরিনা বেগমসহ ১১ জন আহত হয় বলে জানান তারা।
পরে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুলের মৃত্যু হয়।
পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় বলেন, বালি রাখাকে কেন্দ্র করে নরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন ও নুরুল ইসলামের কথাকাটাকটি হয়। এর জেরে বিকালে দলবল নিয়ে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় তোফাজ্জেল।
এতে নুরুল ইসলামের এক ছেলে নিহত হয়েছে বলে তিনি জানান।
পরিদর্শক জোয়াহেরুল বলেন, হত্যাকাণ্ডে ইউপি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
