এবার ঘুষ নিয়ে জুয়ারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
এবার ঘুষ নিয়ে জুয়ারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের চরভদ্রাসন থানার এক এসআইয়ের বিরুদ্ধে।
উপজেলা সদরের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রাম থেকে বুধবার বিকালে আটকের পর ঘুষ নিয়ে এসআই শহিদুল ইসলাম ওই জুয়ারিকে ছেড়ে দেন বলে স্থানীয়দের অভিযোগ।
এরআগে ঘুষ নিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার চরভদ্রাসন থানার এক এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার কাজী বলেন, বুধবার বিকালে পদ্মা নদীর কাজী বাড়ী ঘাট জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করে পুলিশ।
“আসরে মূলহোতা আসাদ মীরকে আটকের পর স্থানীয় স্কুল শিক্ষক শেখ মনির এসআই শহিদুলকে ডেকে নিয়ে গোপন দেন দরবার শুরু করেন। দুজনের মধ্যে বনিবনা হওয়ার পর আসাকে ছেড়ে দিয়ে বাকিদের নিয়ে যান এসআই শহিদুল।”
অন্যরা হলেন কামাল কাজী (২৮), শাহীন মৃধা (৩০), অনিল সরকার (৪০), আজাদ বাছার (৩৫) ও শহীদুজ্জামান (৩১)।
বৃহস্পতিবার সকালে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানা ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, “পাঁচ জুয়ারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তবে এ সময় আসাদ মীরকে ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।
অভিযোগ অস্বীকার করে এসআই শহিদুল বলেন, “অভিযান শুরুর একটু পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম; তাই কাকে ছেড়ে দেওয়া হয়েছে আমি বলতে পারব না।”
