অতিবৃষ্টিতে বগুড়ায় ‘টুবি’ ধান রোপণে বিশেষ ঝোঁক
বগুড়ার মাঠে মাঠে টুবি নামে পরিচিত আউশজাতের ধান রোপণে কৃষকদের মাঝে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে।
অতিবৃষ্টির কারণে এই বিশেষ আগ্রহ বলে বগুড়া কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক প্রতুল সরকার জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, গাবতলী, সোনাতলাসহ বিভিন্ন উপজেলায় নিচু জমিতে এই ধান রোপণে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের আব্দুল মজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইরি-বোরো তোলার পর যেসব নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে, সেখানে আউশজাতের এই ধান রোপণ করা হচ্ছে।
“এসব ধানকে গ্রামের ভাষায় আমরা টুবি বলে থাকি। ইরি-বোরো তোলার পর আমন চাষের আগে দুই মাস নিচু জমিগুলো খালি পড়ে থাকে। এ বছর বাড়তি ফসলের আশায় ইরি-বোরো তোলার পর আমনের আগে টুবি লাগাচ্ছি।”
এসব জমিতে অন্যান্য বছর সাধারণত শুধু ইরি-বোরো ও আমন এই দুটি ফসল চাষ করতে দেখা যায়। টুবির আবাদ কম দেখা যায়।
কৃষি কর্মকর্তা প্রতুল সরকার বলেন, যদি চারার বয়স এক মাস হয় তাহলে রোপণের পর দুই মাসেই ধান তোলা যায়।
“তারপর আবার যথারীতি আমান আবাদ করতে পারবেন চাষিরা। এই ধানে ইরি-বোরোর মত বাড়তি সেচ লাগে না। সারও খুব কম লাগে। এজন্য খরচ কম হয়। আউশ জাতের এ ধান বিঘাপ্রতি ১৫ মণ পর্যন্ত উৎপাদন হয়।”
বগুড়ায় এবার আউশ জাতের এ ধান আবাদের লক্ষ্যমাত্রা ২২ হাজার ৫০০ হেক্টর ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, অতিবৃষ্টির কারণে চাষিরা এ ধান আবাদে বিশেষ আগ্রহ দেখাচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
