যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর প্রাণদণ্ড
শরীয়তপুরে আট বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুল ছালাম খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সুমন মাদবর ডামুড্যা উপজেলার চরমালগাও বাড়ৈই কান্দি গ্রামের মজিবর মাদবরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
মামলার বিবরণে বলা হয়, সুমনের সঙ্গে একই এলাকার আইরিন আক্তার জান্নাত বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে পরিবারের অমতে বিয়ে করেন তারা। এরপর থেকে সুমন ও তার বাড়ির লোকজন প্রায়ই জান্নাতকে মারধর করত।
এক পর্যায়ে জান্নাতের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে সুমন।জান্নাত টাকা দিতে ব্যর্থ হওয়ায় ২০১০ সালের ১৪ ডিসেম্বর রাতে সুমন গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতকে হত্যার পর লাশ পুকুরের কুচুরিপানার নিচে লুকিয়ে রাখে।
তিনদিন পর পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে। পরে স্থানীরা সুমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় জান্নাতের মা লিপি বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করে। পরে সুমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
তদন্ত শেষে ২০১১ সালের মার্চে পুলিশ আসামিদের নামে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
