কুষ্টিয়ায় নিজ ঘরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
কুষ্টিয়ার সদর উপজেলায় নিজ ঘরে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
নিহত নাজমুল ইসলাম (২৭) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে তিনি।
নাজমুল কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ছাত্রত্ব শেষ করলেও সংগঠনে সক্রিয় ছিলেন বলে কুষ্টিয়া জেলা শাখার ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার জানান।
নাজমুলকে বুধবার রাত আড়াইটার দিকে নিজ ঘরে গুলি চালিয়ে হত্যা করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান।
নাজমুলের বাবা সাংবাদিকদের বলেন, “রাতে নাজমুল ও তার স্ত্রী উর্মি খাতুন নিজ ঘরে ছিল। গভীর রাতে নাজমুলের ঘর থেকে গুলির শব্দ পেয়ে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।”
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জনি জানান, মাথার ডান পাশে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে নাজমুলকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে নাজমুলকে নিজ বাড়িতে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি নাসির জানান।
তিনি বলেন, “এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
