বকেয়া বেতনের দাবিতে বিআরটি কর্মীদের বিক্ষোভ
বকেয়ার পাওনা পরিশোধের দাবিতে গাজীপুরে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কিছু কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিপোর ফটক অবরুদ্ধ করে তারা বিক্ষোভ করেন।
প্রকল্পের এক্সকেভেটর (ভেকু) অপারেটর আবু কাউসার বলেন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি ঠিকাদারী প্রতিষ্ঠান আল-আমিন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বিআরটির কাজ করছে।
“গত ৩০ এপ্রিল বাংলাদেশি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সাইট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ফোরম্যানসহ ১৫ জন কর্মীকে তাদের পাওনাদি পরিশোধ না করে চাকরি থেকে অব্যহতি দেয়। এছাড়া দিনমজুরসহ বিভিন্ন পদে যারা এখনও প্রকল্পে কাজ করছেন তাদেরও দুই-তিন মাসের বেতন পাওনা রয়েছে।”
তিনি বলেন, দিনভর কাজ করে সন্ধ্যায় তাদের বাজার করে নিতে হয়। কিন্তু রোজার দিন টাকার অভাবে তারা কস্টে দিনাতিপাত করছেন।
দিনমজুর ইসমাইল হোসেন বলেন, যেখানে চীনের সিজিজিসি কোম্পানি দিন মজুরদের প্রতিদিন সাড়ে ৪শ টাকা এবং রাজমিস্ত্রি/ রডমিস্ত্রিদের দৈনিক ৭/৮ টাকা মজুরি ধার্য করলেও আল-আমিন কনস্ট্রাকশন তাদের খোরাকী ভাতা হিসেবে ২শ টাকা করে দিয়ে থাকে। বাকি টাকা এখনও তারা দিচ্ছে না।
“আর ওই পাওনা চাইলে কর্তৃপক্ষ নানা অজুহাতে কর্মীদের চাকরিচ্যুত করে।”
এর প্রতিবাদে তারা প্রকল্পের ডিপোর প্রধান ফটক আটকে মঙ্গলবার বিকালে সাড়ে ৪টা থেকে ইফতারের আগ পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। তাদের পাওনা পরিশোধ না করা হলে তাদের স্থায়ী কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।
আল-আমিন কনস্ট্রাকশন কোম্পনির সুপারভাইজার আব্দুল হালিম মিয়া বলেন, তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বর্তমানে অর্থসংকটে আছেন। এজন্য তাদেরও বেতন বকেয়া রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার কর্মীদের পাওয়ানাদি প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
