শার্শায় বাসের ধাক্কায় ২ আম ব্যবসায়ী নিহত
যশোরের শার্শায় বাসের ধাক্কায় নসিমন আরোহী দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকার যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই পলিটন মিয়া জানান।
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের জিয়ারুল ইসলাম।
আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে। এরা হলেন- ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের আবুল হোসেনের ছেলে তাজু (২৭) মনিরুল ইসলামের ছেলে শাওন (২৬), ফারুক হোসেনের ছেলে জাহিদ (২৪) , জাকের আলীর ছেলে কামাল গাজী (২৯), জানালি সর্দারের ছেলে আয়ুব আলী (২৫), ইসমাইল গাজীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩০) ও ইলিশপুর গ্রামের ফজের আলির ছেলে ইসমাইল হোসেন (২৩)।
এসআই পলিটন মিয়া বলেন, “বাগান থেকে আম সংগ্রহের জন্য পাঁচজন আম ব্যবসায়ী ঝিকরগাছা থেকে নসিমনে করে নাভারণে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
