২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ ২

গাজীপুর সদর উপজেলায় হোতাপাড়া মনিপুর এলাকায় একটি বাড়িতে আগুন লেগে দুই জন দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 11:04 AM

Updated : 19 Aug 2022, 02:06 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

আহত মো. ইকবাল হোসেন (২৫) ও আব্দুর রহমানকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হোতাপাড়া মনিপুর এলাকায় মমতাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করেন বলে ফায়ার সার্ভিস জানায়।

জাকির বলেন, রাতে মমতাজ উদ্দিনের বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় ইকবাল ও আব্দুর রহমান ঘুমিয়ে থাকায় তারা ঘর থেকে বের হতে পারেননি।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ও শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান। 

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আলামিন বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়িটির ২২ ঘর ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।