ফরিদপুরে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরে সাত মাস আগের একটি হত্যা মামলায় সাবেক এক জেলা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
শনিবার ফরিদপুর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক তৌফিক হোসেন ওরফে পুচ্চি (৩৮) ফরিদপুর শহরের নিলটুলী মহল্লার বাসিন্দা দেলওয়ার হোসেনের ছেলে।
তৌফিক ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস ছিলেন। এছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঠিকাদারী পেশায় জড়িত।
কোতোয়ালী থানার ওসি এএফএম নাসিম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় কতিপয় ব্যক্তি তৌফিক হোসনেকে শ্রমিক লাবলু হত্যা মামলার সন্দেহজনক আসামি হিসেবে আটক করে মারপিট করে। খবর পেয়ে পুলিশ তৌফিককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
“শনিবার ওই হত্যা মামলার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।”
ওসি জানান, গত বছর ১৫ অক্টোবর ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় মারপিটের শিকার হয়ে আহত হন শহরের মোল্লাবাড়ি সড়কের মৃত মো. সিদ্দিকের ছেলে শ্রমিক মো. লাবলু (২৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর তার মৃত্যু হয়।
গত ৯ এপ্রিল লাবলুর মা মর্জিনা বেগম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
