ময়মনসিংহে কঙ্কালসহ ‘পাচারকারী’ আটক
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মানব কঙ্কালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে কঙ্কাল পাচারকারী সিন্ডিকেট প্রধান বলছে পুলিশ।
শনিবার বিরাশি মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর আব্দুল কাইয়ূম জানান।
আটক সজিব হোসেন (৩০) মুক্তাগাছার শশা আনোয়াকান্দার জুলহাস উদ্দিনের ছেলে।
ইন্সপেক্টর কাইয়ূম জানান, তিনি দুপুরে মেডিকেলের ছাত্র পরিচয় দিয়ে কঙ্কাল পাচারকারী সিন্ডিকেট প্রধান সজিবকে কঙ্কালসহ আটক করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন।
“সজিবের বাবাও কঙ্কাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে সজিব জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”
এর আগেও কঙ্কাল চুরির দায়ে জেল খেটেছেন সজিব। মুক্তাগাছা থানায় তার নামে কঙ্কাল চুরির মামলাও রয়েছে বলে জানান কাইয়ূম।
