ঈদের ৩ দিন আগে মহাসড়কে ট্রাক, লরি বন্ধ: কাদের
যানজট ও জনভোগান্তি কমাতে ঈদের কয়েকদিন আগে থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে তিনি বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।
“বর্ষাকালে বৃষ্টি হবে। তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না; এটা আমি শুনব না। আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে। চন্দ্রার চার লেন তৈরির কাজও জুনের ৮ তারিখের মধ্যে শেষ হবে।”
প্রতিবছর ঈদের আগে মহাসড়কে তীব্র যানজটের কারণে ঘরমুখো মানুষকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ চলমান থাকায় এখানে যানজট হয় অসহনীয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলা নিষেধ। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধ বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।
এছাড়া মন্ত্রী ঈদের সময় গার্মেন্টস মালিকদের প্রতি শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার আহবান জানান।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ বিষয়েও কথা বলেন।
ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, “আগামী নির্বাচন খুব কাছাকাছি। সেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিক তারা সেটা আমরা চাই। তারা নির্বাচনে না এলেও যথারীতি নির্বাচন হবে, নির্বাচনের পর সরকার গঠন হবে, পার্লামেন্ট বসবে। তবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতার ট্র্যাপে ফেলবেন, সেটার অভিজ্ঞতা আমাদের আছে। কাজেই তাদের এই আশা, তাদের এই খোয়াবের পুনরাবৃত্তি আর বাংলাদেশে হবে না।”
অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপি আসলে আসবে, না আসলেও অন্যরা এ নির্বাচনে অংশগ্রহণ করবে। কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলার সুযোগ আর তাদের থাকবে না বলে মনে করেন কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে। কারচুপি, সুষ্ঠু নির্বাচন এসব ভাংগা রেকর্ড তারা বাজায়।
তাই তিনি বিএনপির নেতাদের এসব অযৌক্তিক অবান্তর অভিযোগ না করে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করার আহ্বান জানান।
“তারা যদি নির্বাচনে না আসে, এটা তাদের সিদ্ধান্ত যদি হয়, এখানে আমাদের কিছু বলার নেই। গণতন্ত্র গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং নির্বাচন হবে।”
এর আগে মন্ত্রী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সাসেক প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইসহাক এবং সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
