২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে লেগুনায় ট্রেনের ধাক্কা, শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় লেগুনা যাত্রী এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন লেগুনার চালকসহ আরও তিনজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 08:06 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে ‘চিত্রা এক্সপ্রেস’-এর ধাক্কায় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়।

নিহত সিয়াম (১১) মির্জাপুরের মহেড়া ইউনিয়নের ডুকলাটি গ্রামের তমছের আলীর ছেলে। হতাহত সবাই লেগুনার যাত্রী।

আহতদের মধ্যে লেগুনার চালক রাজু মিয়াও (৪০) রয়েছেন। তাদেরকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া লেগুনাটি ট্রেন লাইন থেকে সরিয়ে নিতে অধঘণ্টার মতো লাগে। এরপর চিত্রা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

দুর্ঘটনায় ট্রেনের কিংবা কোনো ট্রেনযাত্রীর ক্ষতি হয়নি বলে তিনি জানান।

নাজমুল হুদা জানান, বানিয়ারা থেকে যাত্রী নিয়ে আসা লেগুনাটি বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনে ডুকলাটি লেভেল ক্রসিংয়ের উপর বিকল হয়ে পড়েছিল।

“বিকাল পৌনে ৪টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি প্রায় ত্রিশ ফুট দূরে ট্রেন লাইনের উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই শিশু সিয়াম নিহত হয়।”

নাজমুল হুদা আরও জানান, ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় অধঘণ্টা পর বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার উদ্দেশে মির্জাপুর ছেড়ে গেছে।