২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাবা-ছেলেকে বেঁধে মারধর, গ্রেপ্তার ৩

শরীয়তপুরে চুরির অভিযোগ তুলে শিশুছেলে ও বাবাকে শেকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগে তিনজন গ্রেপ্তার হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 12:20 PM

Updated : 08 Apr 2022, 06:23 PM

মারধরের সময় সেখানে লোকজন থাকলেও কেউ প্রতিবাদ করেনি জানিয়ে জেলার পুলিশ সুপার মো. আবদুল মোমেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় মামলার পর সোমবার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন – সদর উপজেলার উত্তর চন্দ্রপুর গ্রামের করম আলী বেপারী, সাহেব আলী বেপারী ও সুমন বেপারী।

মামলার বাদী ফাহিমা বেগম ওই গ্রামের খোকন মোল্লার স্ত্রী।

ফাহিমা বলেন, গত ১ মে তাদের গ্রামের হালিম বেপারীর বাড়িতে চুরি হয়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৯ মে রাস্তা থেকে তার ছেলে শামীমকে ধরে নিয়ে হালিমের বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে কোমরে শেকল দিয়ে বেঁধে রাখা হয়।

“পরে গামছা দিয়ে হাত পিছমোড়া করে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। তাকে শুকনো মরিচের গুঁড়ো খাওয়ানো হয় এবং গলা দিয়ে গরম পানি ঢেলেও নির্যাতন করা হয়। বিকালে ওই বাড়ির সামনে দিয়ে শিশুর বাবা খোকন মোল্লা ভ্যান চালিয়ে ফেরার সময় তাকেও ধরে নিয়ে শেকলে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে।”

হালিম বেপারী ও তার বাড়ির লোকজন চুরির মিথ্যা অপবাদ দিয়ে এই নির্যাতন চালিয়েছেন বলে ফাহিমার অভিযোগ।

পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, “আমি ভিডিও দেখেছি। যখন তাদের শেকল দিয়ে বেঁধে মারধর করে তখন এত মানুষ ঘটনাটি দেখল, কেউ প্রতিবাদ করল না। আমাদের কেউ জানায়নি।

“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনা জানার পরে মামলা নিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”

পুরনো খবর:

শরীয়তপুরে বাবাসহ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন