ফ্লাইঅ্যাশ বোঝাই কোস্টার ডুবেছে মেঘনায়
চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাইঅ্যাশ বোঝাই একটি কোস্টার ডুবে গেছে।
চাঁদপুর নৌ থানার ওসি মো. রেজাউল করিম ভুঁইয়া জানান, সোমবার ভোর সাড়ে ৫টায় এমভি এশিয়া নামের কোস্টারটি রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারার চর এলাকায় ডুবে যায়।
কোস্টারটি ভারতের কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে নারায়গঞ্জ যাচ্ছিল। অপর একটি কোস্টারের ধাক্কায় এটি ডুবে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় জেলেরা কোস্টারের মাস্টার নূরুল ইসলাম, সুকানি মো. আমির হোসেনসহ সবাইকে উদ্ধার করে চাঁদপুর নৌ টার্মিনালে পৌঁছে দেয়।
মাস্টার নূরুল জানান, গত ৮ মে দুপুরে ভারতের কলকাতা থেকে শাহ্ সিমেন্ট কোম্পানির জন্য ৫৭০ টন ফ্লাইঅ্যাশ নিয়ে তারা রওনা হন। লগ্গীমারার চর এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কোস্টার এমভি টিটু তাদের অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে কয়েক মিনিটের মধ্যে এমভি এশিয়া ডুবে যায়।
“এমভি এশিয়ার অপর পাশে এমভি শাফা মারওয়া-২ নোঙ্গর করে থাকায় মোড় পরিবর্তন করা যায়নি বলে এ দুর্ঘটনা ঘটে।”
এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। বিআইডাব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি রেজাউল করিম ভুঁইয়া।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বাকী বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডুবে যাওয়া কোস্টার উদ্ধার হওয়ার আগ পর্যন্ত ওই জায়গায় বয়া দিয়ে চিহ্নিত করে রাখা হবে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে। ফ্লাইঅ্যাশ বোঝাই কোস্টার ডুবেছে মেঘনায়
