মুন্সীগঞ্জে সিমেন্ট কারখানায় দুই শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার এমআই সিমেন্ট ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে মো. শাহীন (৩১) ও মো. রাশিদুল (২৫)।
আহত হাফিজুর রহমান (২২) টাঙ্গাইল জেলার ঘাটাইলের দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সকালে কয়েকজন শ্রমিক ফ্যাক্টরি পরিষ্কার করার সময় জমাট বাঁধা খোলা সিমেন্ট ও সিমেন্টের বস্তা তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
