২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে গ্রেপ্তার, ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

হত্যাসহ পাঁচ মামলার এক আসামি ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর ময়মনসিংহে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 09:55 AM

Updated : 19 Aug 2022, 02:03 PM

নিহত সারফান ইসলাম ওরফে বাবু (২৮) ময়মনসিংহ শহরের কাঁচিঝুলী মহল্লার শামসুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলছেন, রোববার রাত ৩টার দিকে বাবুকে নিয়ে তিনকোনা পুকুর পাড় এলাকায় আসামি ধরতে গিয়েছিল পুলিশ। সেখানেই গোলাগুলির ওই ঘটনা ঘটে।  

“ময়মনসিংহের পিউ বাবু হত্যা, সুন্দরী আরমান হত্যা মামলার অন্যতম আসামি সে। তার বিরুদ্ধে সব মিলিযে পাঁচটি মামলা রয়েছে।”

ওসি আশিকুর বলেন, সোমবার ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সজীব আহম্মেদের নেতৃত্বে ঢাকা থেকে সারফান ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে নিয়ে তিনকোনা পুকুর পাড়ের অনন্যা আবাসন এলাকায় ‘পলাতক অন্য আসামিদের’ ধরতে পুলিশ অভিযানে যায়।

“সেখানে পৌঁছালে পলাতক আসামি রাজিবসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির সময় সারফান বাবু পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়।”

পরে বাবুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

বাবুর লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ওই অভিযানে ডিবি পুলিশের কনস্টেবল শফিকুল ইসলাম এবং ২নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিছুর রহমানও আহত হয়েছেন বলে ওসি ভাষ্য।