২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঝড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

বাহেরহাটের ফকিরহাট উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়া মাহেন্দ্র দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের ভাই ও মাহেন্দ্র চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাহেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 12:03 AM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শুক্রবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কে ফকিরহাটের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ দাস (৩৮) খুলনা নগরীর ধর্মসভা এলাকার যোগেশ চন্দ্র দাসের ছেলে। তিনি খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ের জলিল টাওয়ারে কাপড় ব্যবসায়ী।

নিহতের বড় ভাই অশোক দাস (৫২) ও মাহেদ্রের চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মহাসড়কের কাটাখালী থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, তরুণ ও তার বড় ভাই অশোক বাগেরহাট সদর উপজেলার রণজিতপুর গ্রামে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে রাতে খুলনায় বাড়ি ফিরছিলেন মাহেদ্রে করে।

ওসি বলেন, পথে কালবৈশাখী ঝড় শুরু হয়। বৃষ্টির সাথে ঝড়ো বাতাসে একটি গাছ রাস্তার উপর উপড়ে পড়ে। এ সময় দ্রুত গতির ওই মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাছে সাথে ধাক্কা লাগলে দুই যাত্রী গাড়ি থেকে ছিটকে পড়লে তরুণ দাস ঘটনাস্থলে মারা যান এবং গাড়ির চালক ও নিহতের বড় ভাই আহত হন।

তিনি আরও বলেন, একই সময়ে ঝড়ে বাগেরহাট-মাওয়া মহসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি উপড়ে রাস্তার উপরে পড়ে। এতে বেশকিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও বিদ্যুত বিভাগের লোকজন যেয়ে খুঁটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।