টিলা কাটায় রাগীব আলীকে ৯ লাখ টাকা জরিমানা
সিলেটের মালনীছড়া চাবাগানে লিজ নেওয়া সরকারি টিলা কেটে রাস্তা বানানোয় ভূমি আত্মসাৎ মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী রাগীব আলীকে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, বাগানের রাস্তা সংস্কারের মাটির জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ৪০ থেকে ৫০ ফুট উচ্চতার কয়েকটি টিলা মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।
“গত ১০ মার্চ টিলাকাটার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর ১১ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।”
তিনি বলেন, তখন টিলা কাটার প্রমাণ পাওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা কার্যালয়কে জানানো হয়। সেখানে শুনানি শেষে মঙ্গলবার বাগান কর্তৃপক্ষকে নয় লাখ ২০ হাজার জরিমানা করে এনফোর্সমেন্ট বিভাগ।
