দণ্ডপ্রাপ্ত রাগীব আলীর চাবাগানে টিলা কেটে রাস্তা
ভূমি আত্মসাৎ মামলায় দণ্ডপ্রাপ্ত সিলেটের ব্যবসায়ী রাগীব আলী উচ্চ আদালত থেকে জামিনে থাকা অবস্থায় মালনীছড়া চাবাগানে লিজ নেওয়া সরকারি ভূমির টিলা কেটে রাস্তা বানাচ্ছেন।
খবর পেয়ে শনিবার সকালে সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের এক ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগও উঠেছে।
চাবাগানের সহকারী ব্যবস্থাপক আজম আলী বলেন, “বাগানের রাস্তা সংস্কারে মাটির প্রয়োজনে টিলা কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম অভিযোগ করেন, পাহাড় কাটা দেখতে পেয়ে তিনি ও প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদসহ চারজন গিয়ে ছবি তোলেন। কিন্তু তাদের বাধা দেওয়া হয়।
“পরে বাগান থেকে বের হতে চাইলে ফটকে তালা দিয়ে দেওয়া হয়। আর ছবি মুছে ফেলতে হুমকি দেওয়া হয়।”
খবর পেয়ে গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান। পরে ফটক খুলে দেওয়া হয়।
সিলেটের সহকারী ভূমি কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, মালিকানাধীন কোনো টিলা কাটতে হলেও পরিবেশ-অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি লাগে। সরকার থেকে লিজ নেওয়া জমির টিলা কাটা সম্পূর্ণ বেআইনি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিলাকাটার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন।
তিনি বলেন, “পরিবেশ অধিদপ্তর মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
গত বছর ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ৮৩ বছর বয়সী রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছর করে কারাদণ্ড দেয় আদালত।
আর প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলীকে ১৪ বছর, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আব্দুল কাদির ও আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ১৬ বছর করে কারাদণ্ড দেয়।
দুই মামলারই রায় হয় গত বছর।
পরে তারা আপিল করেন। বর্তমানে জামিনে রয়েছেন।
