গাইবান্ধায় জমির বিরোধে একজনকে ‘পিটিয়ে হত্যা’
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমির বিরোধে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত সেকেন্দার আলী উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে।
তার ছেলে জাহেদুল ইসলাম বলেন, গ্রামের আইয়ুব আলীর সঙ্গে তাদের জমির বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলছে।
“এর জেরে বাবাকে তারা শুক্রবার মারধর করে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এর আগেও তারা তাকে মারধর করেছিল।”
সাদুল্লাপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন আছে।
এ ঘটনায় জাহেদুল শনিবার বিকালে থানায় অভিযোগ দিয়েছেন বলে ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন।
