২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 09:20 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পূর্বধলা থানার ওসি বিল্লাল উদ্দিন জানান।

নিহত সুমাইয়া খানম মুন (২১) গ্রামের রিয়াদ মিয়ার স্ত্রী এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা গ্রামের শাহীনুর আলম খানের মেয়ে।

ঘটনার পর তার শাশুড়ি রিপা বেগমকে আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে শ্বশুর আবুল কালাম।

সুমাইয়ার বাবা শাহীনুর আলম খান জানান, প্রায় তিন বছর আগে রিয়াদের সঙ্গে সুমাইয়ার বিয়ে দেন। তাদের দেড় মাস বয়সী একটি মেয়ে আছে। ঘটনার দিন রিয়াদ মিয়া তাদের বাড়িতে ছিলেন।

রিপা বেগম বলেন, বুধবার রাতে ছেলের বউকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় তার স্বামী আবুল কালাম ঘরের বাইরে ছিলেন। রাত ১১টার দিকে কালাম বাড়ি ফিরে ডাকাডাকি করলে তিনি ঘরের দরজা খুলে দেন।

“পরে ঘরে সুমাইয়াকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের খড়ের ঘরে আড়ার সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।”

তবে সুমাইয়ার বাবা বলেন, যেখান থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে নামানো হয়েছে বলে তার শ্বশুড়র বাড়ির লোকজন দাবি করছে, সেখানে ওঠা তার পক্ষে কোনো ভাবেই সম্ভব না।

“আমার মেয়েকে হত্যা করা হয়েছে।”

ওসি বিল্লাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে। শ্বশুরকে ধরতে অভিযান চালানো হচ্ছে।