লক্ষ্মীপুরে বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
উপজেলার বংশী গ্রামের মিয়া চান্দ নামে এই বৃদ্ধ সাংবাদিকদের বলেন, মাস চারেক আগে তার স্ত্রীর মৃত্যুর পর ছোট ছেলে দেলোয়ার হোসেন (৪৫) চিকিৎসার কথা বলে সাদা কাগজে দস্তখত নেন।
“এরপর বাড়িঘরসহ বিলের সব জমি তার দাবি করে সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার পাননি জানিয়ে তিনি বলেন, “সে উচ্ছৃঙ্খল। কাউকে পাত্তা দেয় না। পরে আদালতে মামলা করেছি। মামলার পর সহকারী কমিশনার (ভূমি) মোহ্তাসিম বিল্লাহ্ গত ২৪ এপ্রিল তার সার্ভেয়ারকে দিয়ে ঘটনা তদন্ত করেন। এরপর আমাকে ও আমার এক নাতিকে পিটিয়ে আহত করে দেলোয়ার ও তার লোকজন।”
ছেলে বাড়ি থেকে বের করে দেওয়ায় তিনি এখন তার এক মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার বলেন, “এসব ঘটনা আমাদের নিজস্ব ও পারিবারিক ব্যাপার। আপনারা সাংবাদিকরা বেশি নাক গলাবেন না। পারলে রিপোর্ট লেখেন। কে কী করতে পারে দেখব।”
সহকারী কমিশনার মোহ্তাসিম বিল্লাহ্ ‘ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করে ববস্থা নেওয়া হচ্ছে’ বলে জানিয়েছেন।
