শেরপুরের বুনো হাতিটির মৃত্যু খাদ্যে বিষক্রিয়ায়
শেরপুরে মৃত বুনো হাতিটির ময়নাতদন্তে খাদ্যে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে বলে বন বিভাগ জানিয়েছে।
জেলার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা ভেটেরিনারি সার্জন পলাশ কান্তি দত্ত এই ময়নাতদন্ত করেন।
“হাতির চোখ দুটি লাল ও পেট শক্ত ছিল। ময়নাতদন্তের পর খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।”
মঙ্গলবার ভোরে গারো পাহাড়ের উত্তর গান্ধিগাঁও এলাকার লোকজন হাতিটি মৃত পড়ে থাকতে দেখে।
ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে জানিয়ে বন কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, এই মর্দ হাতিটির বয়স ছিল ১২ বছরের বেশি। উচ্চতা ১২ ফুট, শুঁড়সহ লম্বায় ১৯ ফুট।
হাতির মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
