কালিয়াকৈরে দেয়াল চাপায় নারী ও শিশু নিহত
ঝড়-বৃষ্টির মধ্যে মাটির দেয়াল চাপায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।
রোববার সকালে বোয়ালী এলাকায় এ ঘটনা ঘটে বলে বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান।
নিহতরা হলেন স্থানীয় দুকাই মালোর মেয়ে শুরিবালা মালো (৬০) ও মরণচন্দ্র সরকারের দেড় বছরের মেয়ে মনসা সরকার।
চেয়ারম্যান শাহাদাত জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় মরণচন্দ্রের ঘরের একটি মাটির দেয়াল ভেঙে পড়ে।
“এ সময় ঘরের ভিতর থাকা মরণ সরকার, তার স্ত্রী, তাদের দেড় বছরের মেয়ে মনসা সরকার ও প্রতিবেশী শুরিবালা মাটির দেয়ালের নিচে চাপা পড়েন।”
শাহাদাত জানান, খবর পেয়ে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার কাজ চালায়। কিন্তু এর আগে মনসা ও শুরিবালার মৃত্যু হয়।
মরণচন্দ্র ও তার স্ত্রীকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
