গাজীপুরে জনতার মুখোমুখি কাউন্সিলর প্রার্থীরা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের নাগরিকদের মুখোমুখি হয়েছিলেন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
শনিবার বিকালে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা নাগরিকদের মুখোমুখি হন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন প্রার্থী আব্দুল করিম (ঠেলাগাড়ী), মো. হান্নান মিয়া হান্নু (ঘুড়ি), এ এম এম মোশারফ হোসেন (ঠেলাগাড়ী)।
গাজীপুর মহানগর সুজনের সভাপতি মনিরুল ইসলাম রাজীবের সভাপতিত্বে ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুলের পরিচালনায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সুজনের সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী খন্দকার নূরুন্নাহার সরকার প্রমুখ।
নাগরিকেরা নীরব চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে মুক্তি, সড়কে নির্বিঘ্ন চলাচল, মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনা ও নারী উত্ত্যক্তকারীদের নির্মূলের দাবি জানান।
ফুটপাত দখলমুক্ত করা, ড্রেনেজ ও আবর্জনা ব্যবস্থাপনা উন্নয়নেরও দাবি জানান তারা।
এরপর প্রার্থীরা বিজয়ী হলে তাদের বিভিন্ন কর্মসূচি ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
সবশেষে প্রার্থীরা নির্বাচনের পরও এলাকার উন্নয়নে কাজ করার এবং নাগরিকেরা তাদের সহযোগিতা করবে বলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন।
