গাজীপুরে ২ মেয়র প্রার্থীর জমজমাট প্রচার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর প্রচার চালিয়েছেন।
আওয়ামী লীগ মেয়র প্রার্থীর মিডিয়া সেলের সমন্বয়ক মোহাম্মদ আলম বলেন, তাদের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম সকালে ছয়দানা এলাকায় নিজ বাসার সম্মেলন কক্ষে মহানগর প্রাইভেট মাদ্রাসা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
এর আগে তিনি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াস উদ্দিন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন বলে তিনি জানান।
“সভাশেষে তিনি টঙ্গীর বিসিক শিল্প নগরীতে গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় ফকির মার্কেট সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।”
এরপর জাহাঙ্গীর পাগাড় পাঠানপাড়া, ঝিনু মার্কেট, টিএন্ডটি বাজার, কেটু মোড়, গোপালপুর, শিলমুন, মরকুন পথসভায় বক্তব্য দেন বলে জানান আলম।
এ সময় অন্যান্যের মধ্যে দলের টঙ্গী থানা সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, মহানগর সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহানগর যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি আসাদুর রহমান কিরন, শ্রমীক লীগের আঞ্চলিক সদস্য বি কম মতিউর রহমান মতিসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগে যোগ দেন।
বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের মিডিয়া সেলের আহ্বায়ক মো. মাজহারুল আলম জানান, সকাল ১০টায় দত্তপাড়া হাউজ বিল্ডিং, বনমালা রেলগেট ও তিন্তাগেট এলাকায় নির্বাচনী প্রচার কার্যক্রম চালান বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মাজহারুল বলেন, শনিবার সকালে কাশিমপুরের হাতিমারায় বিএনপি প্রার্থীর পক্ষে দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণসংযোগ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী ও বিএনপি নেতা বাবুল হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. শওকত হোসেন সরকার প্রমুখ।
খায়রুল কবির খোকনও নেতাকর্মীদের নিয়ে টঙ্গীতে প্রচার কাজেন অংশ নেন বলে তিনি জানান।
মাজহারুল জানান, একইদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, লক্ষ্মীপুরা, পূর্ব চান্দনা এলাকায় প্রচার কাজ করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি আহম্মেদ আলী রুশদীসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
