শাহজাদপুরে হাতকড়াসহ ২ আসামির পলায়ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে দুই আসামি পালিয়ে গেছে।
শনিবার সন্ধ্যায় শাহজাদপুর আমলী আদালত থেকে অটোরিকশায় করে জেলা কারাগারে নেওয়া পথে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান।
এরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামানিকের ছেলে আতাউর রমহান ওরফে আতা শেখ (৩৪)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আদালত থেকে জেলা কারাগারে নেওয়ার পথে কৌশলে ওই দুই আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাদেরকে খুঁজছে পুলিশ।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাদক ও চুরিসহ নিয়মিত মামলার চার আসামিকে শাহজাদপুর আমলী আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই দুইজন পালিয়ে গেছে।
“তবে শোনা যাচ্ছে একজন না কি এরই মধ্যে আদালতে আত্মসমর্পণ করেছে।”
