২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হয়ে গেল রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

মাগুরায় প্রথমবারের মত দর্শনীর বিনিময়ে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যায় চার শতাধিক টিকেট বিক্রি হয়েছে বলে আয়োজক সংগঠন জানিয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 02:29 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শহরের আসাদুজ্জামান মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় প্রায় তিন ঘণ্টার এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

পরিষদের মাগুরার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, “প্রথমবারের মত দর্শনীর বিনিময়ে আয়োজিত রবীন্দ্রসঙ্গীতের এ অনুষ্ঠানে চার শতাধিক টিকিট বিক্রি হয়েছে। তাছাড়া অনুষ্ঠান শুরুর সময় এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ায় আরও শতাধিক শ্রোতা উপভোগের সুযোগ পান।”

অনুষ্ঠানে শুধু মাগুরার শিল্পীরাই সঙ্গীত ও সঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করেন। টিকিটের দাম ছিল ২০, ৫০ ও ১০০ টাকা।

খান রকিবুল হক লিপু, তার ভাই মাজহারুল হক লিপু, শ্রেয়া ঘোষ পূজা, মিতুল দাস, মোকলেসুর রহমানসহ মাগুরার জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অন্তর মম বিকশিত কর…গানটির সঙ্গে সমবেত  নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান মাউথ অর্গান বাজিয়ে সঙ্গীত পরিবেশন করেন। শেষে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ড, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজমুল হক, ভাষাসৈনিক খান জিয়াউল হক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু অনুষ্ঠানে ছিলেন।