২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘জামাতার পিটুনিতে’ শ্বশুর নিহত

পাবনার চাটমোহর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 11:48 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শুক্রবার সন্ধ্যায় গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার (৬৫) ওই গ্রমের মৃত আব্দুস শুকুরের ছেলে।

এ ঘটনায় মেয়ের শ্বশুরকে পুলিশ আটক করেছ। 

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর দুয়েক আগে চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে রত্না খাতুনের সঙ্গে একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে ইমনের (২৫) বিয়ে হয়।

“সম্প্রতি ইমনের স্ত্রী বাবার বাড়িতে এসে আর স্বামীর বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। বার বার চেষ্টা করেও স্বামী তাকে বাড়ি নিতে পারেননি।”

পরিদর্শক শরিফুল বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমন তার বাবা দলিল উদ্দিনকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি যান স্ত্রীকে আনতে।

“এ সময় স্ত্রীকে খুঁজে না পেয়ে ইমন শ্বশুরকে জিজ্ঞেস করেন এবং এ নিয়ে শ্বশুরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমন ও তার বাবা মিলে আব্দুস সাত্তারকে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইমনের বাবা দলিল উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানান শরিফুল।