২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুল ইসলাম সমাহিত পারিবারিক কবরস্থানে

মুন্সীগঞ্জে পারিবারিক কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 06:52 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

পুরনো খবর:

শামসুল ইসলামের প্রতি বিএনপি নেতাদের শেষ শ্রদ্ধা

শুক্রবার মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের তিনসিড়ির পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়।

জুম্মার নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে সুখবাসপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত বছিরন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ নামাজের জানাজা হয়।

বৃহস্পতিবার দুপুরের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শামসুল ইসলামের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজের জানাজা ও ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা হয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর রিপন মল্লিক জানান, গ্রামের বাড়িতে শেষ জানাজার পর সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

“পরে পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।”

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই, সদর উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, সহ-সভাপতি আলীসহ দলের ছয় উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শামসুল ইসরাম পঞ্চম থেকে অষ্টম সংসদে মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ছিলেন।

১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে খালেদা জিয়ার সরকারের তথ্য, খাদ্য, বাণিজ্য, ডাক ও টেলিযোগাযোগ এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বক্ষব্যাধি সমিতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, লায়ন্স ফাউন্ডেশন, বিক্রমপুর ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিরও আজীবন সদস্য ছিলেন।

তার স্ত্রীর মৃত্যু হয়েছিল ২০১৬ সালে। তার দুই ছেলে রয়েছেন। বড় ছেলে সাইফুল ইসলাম ও ছোট ছেলে মুনাদির ইসলাম ব্যবসায়ী।