গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান
গাজীপুরে শ্রীপুর উপজেলায় গ্যাসের আগুনে জুয়েলারি ও মুদিসহ সাতটি দোকান ও মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো.আলামিন জানান, উপজেলার বাঘের বাজার শিরিরচালা প্যানটেক্স মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আলামিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।
“কিন্তু ততক্ষণে রুহুল আমিন, ফরহাদ মিয়া, ফজর আলী ও ইয়াসমিন মিয়ার চারটি মুদি দোকান, সুশান্তের দর্জির দোকান, শ্রী রতন শীলের সেলুন ও দীপু মীরের জুয়েলারি দোকান ও মালামাল পুড়ে যায়।”
আলামিন বলেন, “ফজর আলী তার মুদির দোকানের একপাশে চা বিক্রি করতেন। সেখানে একটি গ্যাস সিলিন্ডারের চুলা রয়েছে। ওই গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
