২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা নিরসন না হলে মহাসড়ক বন্ধ করে দেব: শামীম ওসমান

ডিএনডির জলাবদ্ধতা নিরসন না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 10:53 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এ সংসদ সদস্য।

জনদুর্ভোগ লাঘবে ডিএনডির পানি নিষ্কাশন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও যানজট নিরসনের লক্ষ্যে আয়োজিত ওই মতবিনিময় সভায় শামীম ওসমান বলেন, “আমি মন্ত্রী মহোদয়কে বলেছি, যতক্ষণ না পর্যন্ত জলাবদ্ধতার পানি না যাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেব।

“আই উইল ডু ইট। আমি এটা কিন্তু করব। আমি ওই এমপি গিরি করতে চাই না, আমি এমপিগিরি করব, আর আমার এলাকার লোকজন পানির তলে পচবে। তাহলে আমার রাইট নাই এখানে জনগণের প্রতিনিধি হওয়ার।”

তিনি বলেন, “এখনও বর্ষা শুরু হয়নি। আমার এলাকার লোকজন পানির তলে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আমরা সমস্যার সমাধান চাই।

যখন মানুষ জনকে হাঁটুর উপরে কাপড় তুলে চলাচল করতে দেখেন তখন লজ্জা পান মন্তব্য করে এ জলজটের জন্য প্রভাবশালীদের দায়ী করেন তিনি।

এ বিষয়ে ডিএনডির জলাবদ্ধতা নিষ্কাশন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাশফিক আলম ভূইয়া বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকায় পানি নিষ্কাশন প্রকল্পটি আমরা গেল বছরের ডিসেম্বরে ওয়ার্ক অর্ডার পেয়েছি।

“এই বছর ডিএনডি অধিবাসীরা কিছুটা দুর্ভোগ পোহালেও আগামীতে তাদের জন্য সুদিন অপেক্ষা করছে।”

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, পানি উন্নয়ন বোর্ডের ডিএনডির উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমুখ।