ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ আসামির বিরুদ্ধে
মামলা তুলে না নেওয়ায় গোপালগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা মানসিক প্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষণ মামলার প্রধান আসামি নজরুল ইসলাম ওরফে বাবুলকে (৪৬) আটক করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানিয়েছেন।
বাবুল কোটালীপাড়া উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।
প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীর বোন বলেন, “আমার বোন মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সে বাবার বাড়িতে থাকে।
“গত বছর ২ অক্টোবর চার-পাঁচজন তাকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে আমরা বিষয়টি জানতে পেরে ২৭ ফেব্রুয়ারি বাবুলসহ একই এলাকার মুনসুর শেখের ছেলে কবির শেখ (৩৮), আফসর হাওলাদারের ছেলে নরুল ইসলাম হাওলাদার (৩৮), মণীন্দ্র বিশ্বাসের ছেলে চীকমনি বিশ্বাস (৫৫) ও একই উপজেলার নয়াকান্দি গ্রামের মণীন্দ্র বিশ্বাসের ছেলে অনীল বিশ্বাসকে (৩৫) আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি। সেই থেকে তারা মামলা তুলে নিতে হত্যার হুমকিসহ ভয় দেখিয়ে আসছিল। মামলা না তোলায় ক্ষিপ্ত হয়ে তারা আমার অন্তঃসত্ত্বা বোনকে মারধর করে।”
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম।
ওসি কামরুল বলেন, “মামলার প্রধান আসামি বাবুলকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
