গোপালগঞ্জে চরমপন্থি পরিচয়ে চাঁদা দাবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে তিন চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার একটি মোবাইল থেকে পৃথকভাবে ফোন দিয়ে তিন চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়।
চাঁদা না দিলে তাদের পরিবারের সদস্যদের অপহরণের হুমকি দেওয়া হয় বলেও তাদের অভিযোগ।
এরা হলেন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রীতিশ তরফদার ও মেডিকেল অফিসার ডা. মো. মোবাসসিরুল ফেরদৌসের কাছে চাঁদা চেয়ে ফোন করা হয় বলে তাদের অভিযোগ।
এ ব্যাপারে ডা. মোবাসসিরুল ফেরদৌস কোটালীপাড়া থানায় জিডি করেছেন।
ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, “আমার মোবাইলে সকাল ১০টা ৪২ মিনিটে ০১৭৩১৮০৮৭৭০ নম্বর থেকে ফোন করে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কর্মী বিপ্লব পরিচয় দিয়ে ৫ লাখ টাকা দাবি করে।”
টাকা না দিলে পরিবারের সদস্যদের অপহরণের হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।
“পরে আমাদের হাসপাতালে আরো দু’ই চিকিৎসক প্রীতিষ তরফদার ও ফেরদৌসকেও ফোন দিয়ে চাঁদা দাবি করে এবং হুমকি দেয়।”
ডা. মোঃ মোবাসসিরুল ফেরদৌস বলেন, “আমার কাছে ০১৭৩১৮০৮৭৭০ নম্বর মোবাইল থেকে ১০টা ৫৪ মিনিটে ফোন দিয়ে বিপ্লব নিজেকে পূর্ববাংলার কমিউিনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি কবে। তবে সে আমার কাছে টাকার পরিমাণ উল্লেখ করেনি। টাকা না দিলে আমার প্রাণনাশের ও চাকরির ক্ষতি হবে বলে হুমকি দেয়।
কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, “এ ব্যাপারে জিডি দায়ের করার পর আমরা তদন্ত শুরু করেছি। যে ফোন থেকে চাঁদা দাবি করা হয়েছে সেটি আমরা বন্ধ পাচ্ছি। আতংক সৃষ্টির জন্য কেউ ভুয়া ফোন দিয়েছে বলে ধারনা করছি।”
