ময়মনসিংহে ৫ জনের নামে যুদ্ধাপরাধের মামলা
ময়মনসিংহের আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে।
মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা মেশর উদ্দিন মন্ডল (৮৫)।
আদালত মামলাটি আমলে নিয়েছে বলে জানান বাদীর আইনজীবী পীযূষ কান্তি সরকার।
আসামিরা হলেন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৬৮), সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফকির (৭২), মোহাম্মদ আলী (৬০), আইয়ুব আলী (৫৯) ও মো. ইসমাইল হোসেন (৫৮)।
মামলার এজাহারের বরাত দিয়ে পীযূষ কান্তি বলেন, ১৯৭১ সালে রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়।
“ওই বছরের ১১ নভেম্বর বিকালে রফিকুল ইসলামের নেতৃত্বে আসামিরা স্থানীয় নূরুল ইসলামকে ধরে নিয়ে মাহাবুবুর রহমান ফকিরের বাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে গলা কেটে হত্যা করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়।”
একই সময় তারা এলাকার বিভিন্ন বাড়িতে ধর্ষন, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং মুক্তিযেুদ্ধের পক্ষের মানুষদের ধরে হত্যা করে গণকবর দিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
