২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

সুনামগঞ্জ সদরে কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন; আহত হয়েছেন এক এএসআই।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 11:31 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস আহসানমারা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

নিহত ইমান আলী (২০) দক্ষিণ সুনামগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আব্দুল করিমের ছেলে।

আহত দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই মীর হোসেনেকে (৪২) সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার জানান, থানা থেকে এএসআই মীর হোসেন ও কনস্টেবল ইমান আলী মোটরসাইকেলে করে উপজেলার নোয়াখালি বাজারে যাচ্ছিলেন।

“জয়কলস আহসানমারা সেতুর কাছে পৌঁছলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।”

এসপি বরকতুল্লাহ বলেন, মীর হোসেন ও ইমান আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

“সেখানে এএসআই মীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ইমান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

সেখানে রাত সাড়ে ১০টায় ইমান আলীর মৃত্যু হয় বলে জানান এসপি। 

পুলিশ কভার্ড ভ্যান চালক সুমন মিয়া (৪০) ও তার সহকারী রিপন মিয়াকে (৩০) আটক করেছে বলেও জানান তিনি।