খাগড়াছড়িতে তিন ব্যবসায়ীর সন্ধান দাবিতে হরতাল
নিখোঁজ তিন ব্যবসায়ীর সন্ধান দাবিতে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকা হরতালে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকাল-সন্ধ্যা এ হরতালের সময় সদরের শাপলা চত্বর, নারিকেল বাগান, কলেজ গেইট, বাস টার্মিনাল ও আদালত সড়কে পিকেটিং ও খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
গত ১৬ এপ্রিল বিকালে কাঠ কেনার জন্য মহালছড়ির মাইসছড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়াডের মো. সালাহ উদ্দিন (২৮), মো. মহরম আলী (২৭) ও মো. বাহার মিয়া ড্রাইভার (৩০)।
এরপর সাতদিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, হরতালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরআগে সকালে হরতালের সমর্থন ও ব্যবসায়ীদের সন্ধান দাবিতে বিক্ষোভ করে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কর্মীরা।
তাছাড়া সকাল থেকে জেলা সদরের শাপলা চত্বর, নারিকেল বাগান, কলেজ গেইট, বাস টার্মিনাল ও আদালত সড়কে পিকেটিং ও খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন কায়েশ, সদর উপজেলা সভাপতি মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবিলম্বে তাদের মুক্তির ও পাহাড়ে বসবাসকারী সকল জনগোষ্ঠীর নিরাপত্তা দাবি করেন তিনি।
হরতালে খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। চাকরিজীবীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
রাতে ঢাকা থেকে আসা বাসগুলোকে সকালে পুলিশ পাহারায় খাগড়াছড়ি শহরে প্রবেশ করানো হয়ে।
এরআগে শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে হরতাল কর্মসূচি ঘোষণা দেন ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন। পরে রোববার তিনজনকে উদ্ধারের দাবিতে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় তারা।
