ঝালকাঠিতে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আরেফিন জানান, উপজেলা সদরের দক্ষিণ বাজার সংলগ্ন কামারপট্টি এলাকার একটি বাড়ি থেকে শনিবার রাত ১১টার দিকে লাশটি তারা উদ্ধার করেন।
নিহত খলিলুর রহমান ওই উপজেলার শ্রমিক পশ্চিম বাদুরতলা এলাকার আমজেদ আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক শামসুল বলেন, সদরের বাজারে একটি স্টল নির্মাণ করছিলেন খলিল। রাতে স্থানীয়রা মিয়া আহম্মদ পাখি নামে এক ব্যক্তির বাড়ির নিচে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ এখানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
