২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ২ গৃহবধূর মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে, যাদেরকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 07:30 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

মৃত দুই গৃহবধূ হলেন গোবিন্দগঞ্জের উর্মি বেগম (২৪) এবং সাদুল্লাপুরের ফুলরানী বেগম (৪০)।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান সরকার জানান, শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বালুপাড়া মহল্লার মনিম মিয়ার বাড়ির স্নানঘর থেকে উর্মির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মনিম মিয়া পলাতক রয়েছেন।

নিহত উর্মি বেগম একই উপজেলার জগন্নাথপুর গ্রামের আজাদুল ইসলামের মেয়ে।

উর্মির বাবা আজাদুল ইসলামের অভিযোগ, দুই বছর আগে তার মেয়ের বিয়ে হয়। তারপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এ কারণে মাঝেমধ্যে তাকে নির্যাতন করত মমিন।

“শনিবার সকালে স্বামী ও শাশুড়ি মিলে নির্যাতন করলে তার মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে লাশ টয়লেটে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে তার স্বামী।”

পরিদর্শক শফিকুজ্জামান আরও বলেন, “গৃহবধূর মৃত্যু সন্দেহজনক। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবীর বলেন, শনিবার দুপুরে উপজেলার মৌজা জামালপুরের নলেয়া নদীর পাশে ধান ক্ষেত থেকে গৃহবধূ ফুলরানীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এরপর ফলরানীর স্বামী আব্দুল গোফফার মিয়াকে (৫৫) বাড়ি থেকে আটক করা হয়েছে।  

ফুলরানী বেগম উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর (ভাজাকালাই) গ্রামের গোফফার মিয়া স্ত্রী ও একই উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের মজিবর রহমানের মেয়ে।

ফুলরানীর ছোট ভাই রাজু মিয়ার অভিযোগ, পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে আব্দুল গোফফার মিয়া প্রায়ই ফুলরানীকে মারধর করতেন।

“শুক্রবার বিকালেও তাকে বেদম মারধর করেন গোফফার।”

গোফফার তার প্রথম স্ত্রীকেও শ্বাসরোধে হত্যা করেন বলে রাজুর অভিযোগ।

পরিদর্শক এমরানুল কবীর বলেন, আটক স্বামী পুলিশকে জানিয়েছেন-রাতে তারা একসঙ্গে ঘুমিয়েছেন। কিন্তু সকালে তাকে আর বিছানায় দেখতে পাননি তিনি। পরে খবর পান তার লাশ ধান ক্ষেতে পড়ে আছে।

ফুলরানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।