২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিএনপির কর্মী সভায় ছাত্রলীগের হামলা

বরগুনার বেতাগীতে ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে গেছে বিএনপির কর্মী সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 10:54 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বেতাগী পৌর শহরের এ ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের।

এ সময় পৌর বিএনপি কার্যালয় ও বিএনপি নেতা মো. হুমায়ূন কবিরের বাসা ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা ।

এতে ছাত্রলীগ এবং যুবলীগের অন্তত ১৭ জন আহত হয়েছে বলে দাবি করেছে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক।

এ সময় ছাত্রলীগের হামলায় পুলিশ কনস্টেবল মেহেদী এবং দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মহসিন খান আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের স্টেশন রোডে খন্দকার মাহাবুব হোসেন কর্মী সমাবেশে যোগ দেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগ বাধা দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

বেতাগী থানার ওসি মো. মামুনুর রশিদ জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের অনুষ্ঠানে বাঁধা দেয় ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় মেহেদী নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে বলে জানান তিনি। 

জুবায়ের আদনান অনিক বলেন, বিএনপি নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে শ্লোগান দিতে থাকলে ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। এসময় পুলিশ তাদের ওপর হামলা চালালে  অন্তত ১৭ নেতাকর্মী আহত হয়েছে।

বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাদের ওপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা।

এ সময় তাদের ক্যামেরা ছিনতাই করে নিয়ে গেছে বলে দাবি করেন সালাম সিদ্দিকী।