সাবেক সেনাসদস্যের বাড়ি থেকে ১০ মোটরসাইকেল উদ্ধার
নওগাঁয় সাবেক এক সেনাসদস্যের বাড়ি থেকে ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান জানান, বিলাশবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামের খাজামুদ্দীনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
খাজামুদ্দীন প্রায় সাত বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন জানিয়ে তিনি বলেন, “এরপর তিনি মাদক ব্যবসায় জড়িয়ে জেল খাটেন।
“বর্তমানে তিনি ‘সোনালী কৃষি উৎপাদনকারী’ নামে একটি বেসরকারি ঋণদান সংস্থায় ব্যবস্থাপক পদে চাকরি করছেন। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তিনি তার বাড়িতে ১০টি মোটরসাইকেল থাকলেও একটিরও কাগজপত্র দেখতে পারেননি। তিনি বরং বাড়ি থেকে বেরিয়ে যান।”
পুলিশ মোটরসাইকেলগুলো থানায় নিয়ে এসেছে জানিয়ে পরিদর্শক শাহিনুর বলেন, মোটরসাইকেলগুলো চোরাই কিনা তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
