২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রশ্নফাঁসের প্রতারণা, আটক ৪

পরীক্ষার ফলাফল পরিবর্তনসহ এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে মৌলভীবাজার থেকে চার যুবককে আটক করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 07:04 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

শ্রীমঙ্গল উপজেলার বিরাইপুর থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ।

আটকরা হলেন বিরাইপুর গ্রামের মো. মকবুল আলীর ছেলে মো. শওকত হোসেন (১৯), মো. মকবুল আলীর ছেলে মো. সৌরভ হোসেন (২১), শ্যামলী গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল কাদির ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (১৭)।

বুধবার দুপরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলননে আলী হায়দার আজাদ বলেন, চলমান এইচএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে র‌্যাব সারাদেশে গোয়েন্দা নজরদারী শুরু করে। তার ধারাবাহিকতায় বেশ কয়েকদিন ধরে তাদের গতিবিধি অনুসরণ করছিল র‌্যাব-৯।

তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাবের-৯ এর একটি বিশেষ দল তদেরকে শ্রীমঙ্গল উপজেলা থেকে আটক করে।

“এ সময় তাদের কাছ থেকে ৬৯টি স্ক্রিনশট পাতা, পাঁচটি মোবাইল ফোন, ৯টি সিম কার্ড ও চারটি মেমোরি কার্ড জব্দ করে র‌্যাব।”

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, তারা বিভিন্ন সময়ে এইচএসসি ও এসএসসিসহ সমমানের সকল পরীক্ষার ফলাফল পরিবর্তন ও ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণা করে আসছিল। এভাবে তারা প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একথা স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আজাদ।

আজাদ বলেন, তারা একেক সময় একেক ফেইসবুক আইডি ব্যবহার করে এসব কাজ করত। এমনকি তারা সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ফেইসবুক ম্যাসেঞ্জার গ্রুপসহ ইমো-ভাইবারের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে প্রশ্নপত্র ফাঁসের নামে অর্থ হাতিয়ে নিত।

তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে আজাদ জানান।