২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমেরিকান বৌমা পেয়ে আমি খুশি’

ফেইসবুকে পরিচয়ের পর এক বিদেশি নারী ফরিদপুরের তরুণকে বিয়ে করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 05:28 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

জেলা শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের কোয়ার্টারে গিয়ে দেখা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের গাড়িচালক আলাউদ্দিন মাতব্বরের পরিবার বিদেশি আত্মীয় পেয়ে খুশি। আর ‘বিদেশি গৃহবধূ’ দেখতে ভিড় করছে এলাকাবাসী।

আলাউদ্দিনের বড় ছেলে মো. আশরাফ উদ্দিন সিংকু (২৬) বলেন, মাস ছয়েক আগে ফেইসবুকের মাধ্যমে তার পরিচয় হয় ৪০ বছর বয়সী শ্যারুন খান নামে এক আমেরিকান নারীর সঙ্গে। তারপর ১০ এপ্রিল ঢাকায় তারা বিয়ে করেন।

সিংকু ঢাকায় কবি নজরুল ইসলাম কলেজে ইংরেজি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী বলে তিনি জানান।

তাদের ‘বয়সের ব্যবধান একটু বেশি হলেও’ তারা খুশি বলেও তিনি জানান।

বিদেশি পুত্রবধূ পেয়ে উচ্ছ্বসিত সিংকুর মা নার্গিস আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমেরিকান বৌমা পেয়ে আমি এত খুশি তা বলার নয়। আমার ছেলেকে যদি বাংলাদেশে বিয়ে দিতাম তবেও এত ভালো বৌমা হয়ত আমি পেতাম না।

“সে আমাকে আম্মু বলে যে ডাকটি দেয় তাতে আমি নিজেকে গর্ব অনুভব করি।”

শ্যারুনও বাংলাদেশের মানুষ, পরিবেশ পছন্দ করেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, “এখানে এসে খুবই ভালো লাগছে। স্বামী আর তার পরিবার ও এদেশের মানুষসহ গোটা পরিবেশ খুবই ভালো লেগেছে।”

তিনি ২১ এপ্রিল আমেরিকা ফিরে যাবেন জানিয়ে তিনি বলেন, “আশা করছি আবার দ্রুত এখানে ফিরে আসব। আমি বাংলার প্রেমে পড়ে গেছি। সেই সঙ্গে এ দেশের মানুষের।”

শ্যারুন নিউ ইয়র্কের সোলেমান খানের মেয়ে বলে তিনি জানান।

তার পরিবার নিউইয়র্ক থাকে জানিয়ে তিনি বলেন, তারা দুই বোন। তিনি ছোট।

শ্যারুন ব্যাংকে চাকরি করেন বলে জানিয়েছেন। তবে ব্যাংকের নাম বলতে চাননি।