সিরাজগঞ্জে গৃহবধূকে গলাটিপে হত্যা, স্বামী পলাতক
সিরাজগঞ্জ শহরে কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে খঁজছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ তারা উদ্ধার করেন।
নিহত সীমা খাতুন (২২) রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। সয়াধানগড়া মধ্যপাড়ায় তার বাবার বাড়ি।
সীমার বাবা খবির উদ্দিন বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সীমাসহ তার দুমেয়ে ও জামাইরা তাদের বাড়িতে আসে। রোববার বাকিরা চলে গেলেও সীমা তার স্বামী ও দেড় বছরের সন্তানকে নিয়ে থেকে যায়।
খবির বলেন, গত ৭/৮ বছর আগে ভুইয়াগাঁতী গ্রামের জলিম উদ্দিনের ছেলে রাজ্জাকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জেরে রাজ্জাক তার মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ করেন খবির।
পরিদর্শক নুরুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
