২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ রাস্তায় নেমে খালেদা জিয়াকে মুক্ত করবে’

কোটা সংস্কার আন্দোলনের মতো মানুষ রাস্তায় নেমে খালেদা জিয়াকে মুক্ত করবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 11:24 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

রোববার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে খন্দকার মোশারফ বলেন, কোটা সংস্কার ছাত্র আন্দোলন সরকারকে নোটিশ দিয়েছে আগামী দিনে জনগণ রাস্তা নেমে এ ধরনের আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে এবং খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার কয়েম করে, সংসদ ভেঙ্গে দিয়ে, সেনাবাহিনী মোতায়েন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে উল্লেখ করে মোশারফ হোসেন বলেন, এতে যদি সরকারের বোধদয় না হয় তবে আগামীতে দেশের মানুষ কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।

সেই আন্দোলনে অংশ নিতে তিনি রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়া ছাড়া দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মোশারফ বলেন, তাই খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন এ দেশে হবে না, জনগণ হতে দেবে না। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

মোশারফ বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। তাই প্রধানমন্ত্রী জনসভায় গিয়ে জনগণকে ওয়াদা করাচ্ছেন। হাত তুলে সমর্থন নিচ্ছেন।

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ বিএনপিকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভয় পায়। তাই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে।

জেলখানার তালা ভেঙ্গে খালেদা জিয়াকে বের করে আনতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে দাবি করে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশ করার অনুমতি পুলিশ দিয়েছে, সেটি থানা বা ওয়ার্ড পর্যায়ের সমাবেশ করা যায় না। সেখানেই পুলিশ বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে।

চাকরির নিয়ম নীতি স্মরণ করিয়ে দিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশে গয়েশ্বর বলেন, রাস্তায় বাধা দিচ্ছেন, বাড়িতে হয়রানি করছেন। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পুলিশ কোনো সরকারকে রক্ষা করতে পারেনি, এ সরকারকেও পারবে না।

আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। বাকশালী শাসন কায়েম করা হয়েছে। সরকারের পতন ও খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে রাজশাহী নগরের ভূবন মোহন পার্কে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসুরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি ইকবাল হাসান মাহামুদ টুকু, বরকত উল্লাহ বুলু, আমিনুল হক, উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।