মহিষলুটি মৎস্য আড়তে বাড়তি খাজনা আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি মাছের আড়তে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে প্রতিবাদে মাছ কেনা বন্ধ রেখে বিক্ষোভ করেছেন মৎস্য ব্যবসায়ীরা। এ বিষযে তারা থানায় অভিযোগও করেন।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ শতাধিক পাইকারী মৎস্য ক্রেতা মাছের ঝুরি মাথায় নিয়ে বিক্ষোভ করেন।
এদিকে, হঠাৎ করে পাইকাররা মাছ কেনা বন্ধ করায় বিপাকে পড়েছেন চলনবিলের মৎস্যজীবীরা। অনেকক্ষণ অপেক্ষা করে দুপুরের পর মৎস্যজীবীরা মাছ নিয়ে প্রায় ১৬ কিলোমিটার দূরে হাটিকুমরুল গোলচত্বর মৎস্য আড়তে মাছ নিয়ে যান। এছাড়া কেউ কেউ আঞ্চলিক হাট বা বাজারে যান মাছ বিক্রি করতে।
স্থানীয় নওগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিষলুটি মৎস্য আড়তের সভাপতি মিজানুর রহমান সরকার বলেন, যেখানে একমণ মাছ ক্রয় করলে সর্বোচ্চ ৬ থেকে ১৫ টাকা খাজনা নেওয়া হতো, এখন সেখানে নতুন ইজারাদার এসে শনিবার থেকে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছে।
“এ কারণে আজ সকাল থেকেই মৎস্য ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন। এ ঘটনায় থানায় অভিযোগও দিয়েছেন মাছ ব্যবসায়ীরা।”
নতুন ইজারাদার এসে এখানে খাজনা আদায়ের নামে রীতিমতো চাঁদাবাজি শুরু করেছে বলে তাদের অভিযোগ।
তবে অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে আড়তের ইজারাদার গফুর মন্ডল বলেন, পাইকারি মৎস্য ব্যবসায়ীরা একটি গাড়িতে ১৫ থেকে ২০ ডালি অথবা ১০ থেকে ১৫ ড্রাম মাছ কিনে পরিবহন করে থাকেন। সব মিলিয়ে গাড়ি প্রতি পাঁচ থেকে ছয়শ টাকা খাজনা আদায় করা হয়।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিক বলেন, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে মৎস্য ব্যবসায়ীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর এখানে খাজনা আদায় হয়েছে খাস কালেশানে। এর আগেও ডাক হতো এবং এবছরও ডাক হয়েছে। তবে এবছর খাজনা কী হিসাবে ধার্য করা হয়েছে তা তিনি সঠিক জানেন না।
সমাধানের বিষয়ে তিনি বলেন, “দুই পক্ষকে ডেকেছি। তারা এলে নথিপত্র দেখে কত টাকা নির্ধারণ করা হয়েছে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত টাকার বাইরে খাজনা তুলতে দেওয়া হবে না।”
